দেশে রোবটিক প্রযুক্তিতে শঙ্কা নেই
দক্ষতা ও কষ্ট লাঘবে দেশে রোবটিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে অভিমত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি জানিয়েছেন, প্রযুক্তি আকর্ষণীয় দেশ হিসেবে ইতোমেধ্যই নকিয়া বাংলাদেশে উৎপাদন কারখানা করার আবেদন করা ছাড়াও কমপক্ষে ৪টি দেশ থেকে বাংলাদেশে কারখানা করার প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার উৎপাদক থেকে ক্রেতার কাছে পণ্য ও সেবা পৌঁছে দেয়ার ডিজিটাল প্লাটফর্ম মার্চেন্ট বে’এর ডিজিটাল উদ্বোধনী বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
মোস্তাফা জব্বার বলেন, আমি যখন যন্ত্রের সঙ্গে মানুষকে সমন্বয় করতে পারবো, মানুষ যখন যন্ত্র ব্যবহারের দক্ষতাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারবে তখন অন্যদের অগ্রগতির চেয়ে বাংলাদেশের অগ্রগতি আরো বেশি হবে।
রোবট এসে বাংলাদেশের পোশাক শিল্প খাতকে দখল করবে এমন শঙ্কাকে উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, দরকার হলে আমি রোবট কাজে লাগাবো, যে কাজটা করতে মানুষের জন্য অনেক কষ্টকর হয়, অথবা যে কাজটা ম্যনেজ করা ডিফিক্যাল্ট হয়ে যায়, সেখানে আমি রোবট বসাবো। কিন্তু রোবটের পেছেনের মানুষটা কাজ করতেই থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দীন এবং গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক।
পোশাক শিল্পখাতের জন্য এক বছর ধরে স্যাস ভিত্তিক এই প্লাটফর্মটি উন্নয়ন করে দেশের সায়েম গ্রুপের নতুন এই খাতটি।
অনুষ্ঠানে সায়েম গ্রুপের পরিচালক আবরার হোসেন সায়েম বলেন, দেশের ম্যানুফ্যাকচারার ও সাপ্লায়ারদের মধ্যে ডিজিটাল মেলাবন্ধন তৈরি করছে যার মাধ্যমে বায়াররা যেন সহজেই বিশ্বস্ত প্রতিষ্ঠানটিকে খুঁজে নিয়ে বায়না করতে পারেন। একে অপরের মধ্যে সহজ যোগাযোগ সেতু তৈরি করতে অফলাইন মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি এবং অন্যান্য সাপোর্ট সার্ভিস সমন্বয় করা হয়েছে। প্রযুক্তি ও অফলাইন সাপোর্টের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। এটা একটি প্লাটফর্ম মাত্র। এখানে কমিশন ছাড়াই ব্যবসায় করা যাবে। তবে বছরে ২০ হাজার টাকা সেবা ফি নেয়া হচ্ছে। ইতোমধ্যেই এক হাজারের বেশি সদস্য সংযুক্ত হয়েছেন।